
আরামবাগ, ২৭ জুলাই (হিসা): সোমবার গোঘাটের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ে খুদে পড়ুয়াদের জন্য একটি প্রজেক্টরের উদ্বোধন করেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকেরা।
প্রজেক্টর উদ্বোধনের পর বিধায়ক সামন্তখণ্ড গ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার নানা সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে প্রশান্ত দিগার বলেন, “শিক্ষার আধুনিকীকরণের পাশাপাশি মানুষের পাশে থাকা আমাদের অন্যতম দায়িত্ব। গ্রামের মানুষের সরলতা, আন্তরিকতা ও ভালোবাসাই আমাদের কাজের মূল শক্তি এবং অনুপ্রেরণা।”
স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, বিদ্যালয়ে আধুনিক শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি মানুষের দুয়ারে পৌঁছে তাঁদের কথা শোনার এই প্রয়াস এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA