
দুর্গাপুর, ২৭ জুলাই (হি. স.): দুই ভাইয়ের কেপমারির তাণ্ডবে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই কেপমারি চক্রের দুই ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর কোকওভেন থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিট্টু সোনি ও সুরজ সোনি। তারা বিহারের বাসিন্দা। দুই ভাই দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ি এলাকার গোপালমাঠে একটি ভাড়া বাড়িতে ডেরা বেঁধেছিল। জানা গিয়েছে, কয়েক দিন আগে দুর্গাপুর বাজারে এক বৃদ্ধার দোকান থেকে ব্যাগসহ আরও কয়েকজনের মোবাইল ও অন্যান্য জিনিস চুরি যায়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে কোকওভেন থানার পুলিশ।
দুর্গাপুর বাজারে একটি ছোট দোকান চালিয়ে কোনো রকমে সংসার চালান ওই বৃদ্ধা। চুরি যাওয়া ব্যাগে তাঁর জমানো কিছু টাকা, মোবাইল ফোন, বাড়ি ও দোকানের চাবি, ব্যবহৃত চশমাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ছিল। জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর তিনি নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে কোকওভেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই কোকওভেন থানার পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। সিসিটিভি ফুটেজ, গোপন সূত্র ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেন আধিকারিকরা। অবশেষে পুলিশ জানতে পারে, বিহারের বাসিন্দা দুই ভাই বিট্টু সোনি ও সুরজ সোনি এই চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তদন্তে আরও জানা যায়, ঘটনার দিন দুর্গাপুর বাজারে ওই বৃদ্ধার ব্যাগ ছাড়াও আরও কয়েকজনের কাছ থেকে মোট ৫টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়েছিল অভিযুক্তরা।
কোকওভেন থানার পুলিশ অভিযান চালিয়ে তৎপরতার সঙ্গে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের জেরা করে চুরি যাওয়া تمام সামগ্রী উদ্ধার করা হয়। সোমবার অভিযুক্তদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দেন।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা