প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগ, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বহরমপুর থানায় বিজেপির লিখিত অভিযোগ
কলকাতা, ২৭ জুলাই (হি. স.): ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা এবং দেশের প্রধানমন্ত্রীকে অবমাননাকরভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। সোমবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জে
প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগ, অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বহরমপুর থানায় বিজেপির লিখিত অভিযোগ


কলকাতা, ২৭ জুলাই (হি. স.): ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা এবং দেশের প্রধানমন্ত্রীকে অবমাননাকরভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। সোমবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি মণ্ডল নেতৃত্ব থানায় গিয়ে এই অভিযোগপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, বহরমপুর মণ্ডল ১-এর সভাপতি মনোজ সাহার দাবি, গত ২৪ জুলাই প্রশ্নপত্র ফাঁসের (পেপার লিক) প্রতিবাদে বামপন্থীদের ডাকে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল সংগঠিত হয়। তাঁর অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আয়োজিত ওই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের বদলে ‘জামাতি’, ‘বামাতি’ এবং রাষ্ট্রবিরোধী শক্তির উপস্থিতি ছিল। সেই মিছিলে শ্রীলেখা মিত্র যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিকৃত ও কুরুচিকরভাবে উপস্থাপন করে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।

মনোজ সাহা আরও বলেন, “বাক্‌স্বাধীনতা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার হলেও তার আড়ালে রাষ্ট্র বা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তাঁর আরও দাবি, ‘আজাদি’-র স্লোগানের আড়ালে দেশকে বিভক্ত করার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

শ্রীলেখা মিত্র ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন এবং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করেছেন বলেও অভিযোগ বিজেপি নেতার। এ বিষয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande