ডিজিপি-র মৃত্যু ইস্যুতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের নিন্দায় যুব মোর্চার প্রতিবাদ মিছিল
আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের সামনে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির তীব্র নিন্দা জানিয়ে সোমবার রাজধানী আগরতলা প্রতিবাদ মিছিল করল ভ
যুব মোর্চার মিছিল শহরে


আগরতলা, ২৭ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের সামনে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির তীব্র নিন্দা জানিয়ে সোমবার রাজধানী আগরতলা প্রতিবাদ মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ শাখা। মিছিলের নেতৃত্ব দেন নবনিযুক্ত রাজ্য সভাপতি অরিন্দম দেব।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবিতে প্রদেশ কংগ্রেস ও সিপিআই(এম) বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করে। সেই সূত্রেই সম্প্রতি প্রদেশ কংগ্রেস রাজধানীতে একটি প্রতিবাদ মিছিল বের করে, যা পরে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভে সামিল হয়।

যুব মোর্চার অভিযোগ, কংগ্রেসের ওই মিছিলের জন্য প্রশাসনের কোনও অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি বিক্ষোভকারীদের একাংশ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে প্রবেশেরও চেষ্টা করে, যা আইনশৃঙ্খলার পরিপন্থী এবং গণতান্ত্রিক শালীনতার পরিপন্থী বলে দাবি করেছে সংগঠনটি।

সোমবারের প্রতিবাদ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব বলেন, গণতান্ত্রিক দেশে যে কোনও রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পারে। তবে আইন অমান্য করে, প্রশাসনের অনুমতি ছাড়া এবং কোনও ব্যক্তির ব্যক্তিগত বাসভবন ঘেরাও বা সেখানে প্রবেশের চেষ্টা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কংগ্রেস গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ন করেছে।

তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত না হয়।

অরিন্দম দেব বলেন, সাধারণ মানুষ কখনওই অবৈধ ও উসকানিমূলক রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন করেন না। অতীতেও কংগ্রেস নেতৃত্ব একাধিকবার একই ধরনের দায়িত্বজ্ঞানহীন ও ন্যাক্কারজনক আচরণ করেছে বলে অভিযোগ তুলে তিনি সম্প্রতি জনৈক পুলিশ আধিকারিকের সঙ্গে বিরোধী দলনেতার আচরণের ঘটনাকেও সমালোচনা করেন।

যুব মোর্চার এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ডিজিপি-র মৃত্যুর তদন্তকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি অবস্থান রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিরোধী দলগুলি এখনও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে অনড় রয়েছে, অন্যদিকে শাসকদল ও তাঁদের সহযোগী সংগঠনগুলির দাবি, আইন মেনেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং তদন্ত শেষ হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে ব্যবহার করা উচিত নয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande