
আরামবাগ, ২৭ জুলাই (হিসা): গত ২৪ জুলাই কলকাতায় ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি প্রদর্শন এবং রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হলো গোঘাট ২ নম্বর মণ্ডল বিজেপি।
সোমবার গোঘাট থানায় গোঘাট ২ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি তমাল ঘোষের নেতৃত্বে দলীয় প্রতিনিধি দল উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে জানানো হয়েছে, ছাত্র আন্দোলনের নামে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
জানা গেছে, দায়ের করা অভিযোগপত্রে অভিনেত্রী শ্রীলেখা মিত্রসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত চালিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
এদিন বিজেপি নেতাদের বক্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের থাকলেও কোনোভাবেই দেশের প্রধানমন্ত্রীকে কুরুচিকরভাবে উপস্থাপন করা বা সরকারি সম্পত্তি নষ্ট করা গ্রহণযোগ্য নয়। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA