
বীরভূম, ২৭ জুলাই (হি.স.): ভুল ইনজেকশনে ১৬ বছর বয়সি এক দশম শ্রেণির পড়ুয়ার মৃত্যুর অভিযোগ উঠল সিউড়ির একটি নার্সিংহোমের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার চরম উত্তেজনা ছড়ায় সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ওই নার্সিংহোমে। রোগী মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় ওই পড়ুয়ার। দ্রুত তাকে সিউড়ির ওই নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করা হয়। মৃতের পরিবারের দাবি, নার্সিংহোমে ভর্তির পর তাকে একটি ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গেই সে মারাত্মকভাবে অসুস্থ বোধ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, সোমবার ভোররাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনরা। হাসপাতাল চত্বরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ