
কলকাতা, ২৭ জুলাই (হি. স.):কলকাতায় রোগী পরিষেবাকে আরও আধুনিক ও সংযুক্ত করতে সেলসফোর্সের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ল বিবেকানন্দ হাসপাতাল প্রাইভেট লিমিটেড (ভিএইচপিএল)। এই উদ্যোগে ডেটা, অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হবে, যা রোগীর চিকিৎসা-যাত্রার প্রতিটি ধাপে আরও দ্রুত, ব্যক্তিগতকৃত ও ধারাবাহিক পরিষেবা দিতে সাহায্য করবে।
উল্লেখ্য, হাসপাতালের তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থার (এইচআইএমএস) সঙ্গে সংযুক্ত এই প্ল্যাটফর্মে রোগী, চিকিৎসক, ফিল্ড অপারেশন ও আউটরিচ সংক্রান্ত তথ্য একত্রিত থাকবে। এর ফলে রোগীর জিজ্ঞাসা বা অনুসন্ধান দ্রুত সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছাবে এবং পরিষেবা প্রদানের পুরো প্রক্রিয়াটি আরও কার্যকর হবে। চলতি বছরের জানুয়ারিতে ভিএইচপিএল-এর মেগা হেলথ কার্নিভালে এই প্রযুক্তির সাহায্যে মাত্র তিন দিনে ৬০০-রও বেশি রোগীর অনুসন্ধান নথিভুক্ত ও প্রক্রিয়াকরণ সম্ভব হয়েছে।
সেলসফোর্সের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও অরুন্ধতী ভট্টাচার্য বলেন, নির্ভরযোগ্য ডেটা, এআই এবং মানবিক দক্ষতার সমন্বয়ই ভবিষ্যতের স্বাস্থ্যসেবাকে আরও সংযুক্ত ও সহজলভ্য করে তুলবে।
ভিএইচপিএল-এর ডিরেক্টর সৌমিলী দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, এই উদ্যোগ রোগীকেন্দ্রিক পরিষেবাকে আরও শক্তিশালী করবে এবং চিকিৎসক ও রোগীর মধ্যে সমন্বয় বাড়াবে। ভবিষ্যতে এআই-চালিত ভার্চুয়াল সহায়কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং উপসর্গ অনুযায়ী উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ দেওয়ার ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত