
শ্রীভূমি (অসম), ২৮ জুলাই (হি.স.) : বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগ ও জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে মঙ্গলবার করিমগঞ্জ সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য ছিল— “হেপাটাইটিস: নির্মূল করার সময়”। অনুষ্ঠানে হেপাটাইটিস প্রতিরোধ, সময়মতো রোগ শনাক্তকরণ, বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. মতীন্দ্র সূত্রধর। তিনি বলেন, হেপাটাইটিস একটি নীরব কিন্তু মারাত্মক রোগ। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করলে এই রোগ নিয়ন্ত্রণ এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় সম্ভব। তিনি জানান, করিমগঞ্জ সিভিল হাসপাতালে হেপাটাইটিস রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাই যাদের প্রয়োজন, তারা যেন কোনো রকম দ্বিধা না করে এই সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
তিনি আরও বলেন, শুধু স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং টিকাদানের মাধ্যমে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব।
অনুষ্ঠানে আয়ুষ বিভাগের জেলা নোডাল অফিসার ডা. জামাল আহমেদ চৌধুরী স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ খাদ্য ও পানীয় গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রতিরোধই এই রোগ মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।
এনএইচএম-এর জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী হেপাটাইটিসের বিভিন্ন ধরন, সংক্রমণের কারণ, ঝুঁকিপূর্ণ আচরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি সমাজে হেপাটাইটিস সম্পর্কে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা দূর করার আহ্বান জানান। তিনি উপস্থিত সকলকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে উপলব্ধ বিনামূল্যের পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা সম্পর্কে অবহিত করেন এবং এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
জেলা এপিডেমিওলজিস্ট সুমিত রায় জেলার হেপাটাইটিস পরিস্থিতি, রোগ নজরদারি ব্যবস্থা, দ্রুত শনাক্তকরণ এবং কার্যকর জনস্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা গেলে হেপাটাইটিসজনিত জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে নার্সিং প্রশিক্ষণার্থী এবং শহরাঞ্চলের আশা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের নিজ নিজ এলাকায় হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় ব্যক্তিদের পরীক্ষা করানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হেপাটাইটিস নির্মূলে জনসচেতনতা আরও জোরদার করা, বিনামূল্যের পরীক্ষা ও চিকিৎসা পরিষেবার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, প্রয়োজনীয় ক্ষেত্রে টিকাদান কর্মসূচি সম্প্রসারণ এবং সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস