ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন ঘিরে তুঙ্গে তৎপরতা, বৈঠকে জেলা পরিষদের ১৪ জন সদস্য
ঝাড়গ্রাম, ২৮ জুলাই (হি.স.): ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আগামী বুধবার নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দিনভর ঝাড়গ্রাম শহরের একটি অতিথিশালায় জেলা পরিষদের ১৪ জন সদস্যকে নিয়ে একাধিক বৈঠ
ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন ঘিরে তুঙ্গে তৎপরতা, বৈঠকে জেলা পরিষদের ১৪ জন সদস্য


ঝাড়গ্রাম, ২৮ জুলাই (হি.স.): ঝাড়গ্রাম জেলা পরিষদে নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আগামী বুধবার নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দিনভর ঝাড়গ্রাম শহরের একটি অতিথিশালায় জেলা পরিষদের ১৪ জন সদস্যকে নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে সদস্যদের ঐক্যবদ্ধ রাখা এবং নতুন বোর্ড গঠনের প্রস্তুতি চূড়ান্ত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। মঙ্গলবার রাত পর্যন্ত নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলতে থাকে।

উল্লেখ্য, গত ৯ জুলাই জেলা পরিষদের তলবি সভায় তৎকালীন সভাধিপতি চিন্ময়ী মারান্ডির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ১৪ জন সদস্যের সমর্থনে গৃহীত হয়। প্রথমে ১৩ জন সদস্য ওই প্রস্তাবে স্বাক্ষর করলেও তলবি সভায় আরও এক সদস্য সমর্থন জানানোয় সমর্থনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪। ওই সভায় চিন্ময়ী মারান্ডি-সহ মোট পাঁচজন সদস্য অনুপস্থিত ছিলেন। অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পর সভাধিপতির পদ হারান চিন্ময়ী মারান্ডি।

এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ জুলাই নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার দুপুর ১২টায় সহকারী সভাধিপতি এবং দুপুর ২টায় সভাধিপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সভাধিপতি পদে গৌরী তালধির নামই সবচেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সহকারী সভাধিপতির পদটি তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত। সরকারি চাকরিতে যোগ দেওয়ায় ওই পদ থেকে অঞ্জলি রায় দলাই ইস্তফা দেওয়ার পর জেলা পরিষদের সদস্য পুষ্প নায়েকের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে। তবে সম্ভাব্য প্রার্থীদের কেউই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

জেলা পরিষদ সূত্রের খবর, নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করা এবং নতুন বোর্ড গঠনের প্রস্তুতি চূড়ান্ত করতেই মঙ্গলবার সদস্যদের একসঙ্গে রাখা হয়। বৈঠকে নির্বাচন-পরবর্তী দায়িত্ব বণ্টন, বোর্ড পরিচালনার রূপরেখা এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande