
শ্রীভূমি (অসম), ২৮ জুলাই (হি.স.) : সমগ্র অসমের সঙ্গে শ্রীভূমি জেলাতেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে দেশভক্ত তরুণ রাম ফুকনের তিরোধান দিবস তথা ‘দেশভক্তি দিবস’। দিবসটি উপলক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভাকক্ষে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় জেলা আয়ুক্তসহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা দেশভক্ত তরুণ রাম ফুকনের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর জীবনাদর্শ, দেশপ্রেম এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান স্মরণ করে আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র সদন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তাপসি সিনহা। তিনি দেশভক্ত তরুণ রাম ফুকনের সংগ্রামী জীবন, আদর্শ, দেশপ্রেম, স্বাধীনতা আন্দোলনে তাঁর অনন্য ভূমিকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, তরুণ রাম ফুকন জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং আত্মত্যাগ, সততা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বর্তমান প্রজন্মের কাছে তাঁর জীবন ও আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, দেশপ্রেম কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাও প্রকৃত দেশভক্তির অন্যতম প্রকাশ। তিনি সরকারি আধিকারিক ও কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং এটিকেই দেশসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে অভিহিত করেন।
তিনি আরও বলেন, দেশভক্ত তরুণ রাম ফুকনের রাষ্ট্রবাদ, আদর্শ ও দেশপ্রেম আজও সমাজকে পথ দেখায়। তাঁর জীবনাদর্শকে অনুসরণ করে যুবসমাজকে সুশৃঙ্খল, নৈতিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান জেলা আয়ুক্ত ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক মুন গগৈ, ভারপ্রাপ্ ডিডিসি এল. খিংতে, অতিরিক্ত জেলা আয়ুক্ত নিলোৎপল পাঠক ও সপ্ততি এন্দো, সহকারী আয়ুক্ত রাসিকা ইসলাম, অন্বেষা খেরসা, বিপ্লব সেংইয়াং এবং সীমান্ত বিশ্বাস, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী, জেলা সমাজকল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম, জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রশাসনিক আধিকারিক হিরন্ময় রায়সহ বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারীরা।
অনুষ্ঠানের মাধ্যমে দেশভক্ত তরুণ রাম ফুকনের আদর্শ, দেশপ্রেম এবং জনসেবার চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস