
কলকাতা, ৬ জুলাই (হি.স.): নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত কেশরীকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। এ ছাড়াও ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মুরলীধর সেন লেনে বিজেপির অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে যোগদান করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির নেতা, কর্মীরা। সেই অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘শ্যামাপ্রসাদ কোনওদিন প্রতিহিংসার রাজনীতি করেননি। বাংলায় শ্যামাপ্রসাদের সরকার গঠিত হয়েছে।’ এ দিন সকালে ইকোপার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে জেলায় জেলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বিজেপি। এ দিন সকালে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ