
কলকাতা, ৯ জুলাই (হি. স. ) : টেলিযোগাযোগ দফতরের কলকাতার প্রধান যোগাযোগ হিসাব নিয়ন্ত্রকের দফতর শুক্রবার যাদবপুর টেলিফোন এক্সচেঞ্জে পেনশনার সংবাদ এবং টেলিকম পেনশনভোগীদের জীবন প্রমাণ শিবির আয়োজন করতে চলেছে।
যাঁদের জীবন শংসাপত্রের মেয়াদ শেষ হয়েছে বা শীঘ্রই শেষ হতে চলেছে, সেই পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের প্রয়োজনীয় নথি, যেমন পিপিও বই, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি নিয়ে শিবিরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সেখানে জীবন শংসাপত্রের তাৎক্ষণিক যাচাইয়ের সুবিধা পাওয়া যাবে। শিবির শুরু হবে সকাল ১০টা থেকে।
শিবিরে ‘জীবন প্রমাণ’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়ার প্রশিক্ষণ, জীবন প্রমাণ ‘ফেস অথেনটিকেশন অ্যাপ’ ব্যবহারের প্রশিক্ষণ, কেওয়াইপি ফর্ম জমা এবং পেনশনভোগীদের পরিচয়পত্র বিতরণের ব্যবস্থা থাকবে।
বৃহস্পতিবার প্রেস ইনফরমেশন ব্যুরো সূত্রে এ খবর জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত