
পূর্ব মেদিনীপুর, ৯ জুলাই (হি.স.): স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ শিশু। বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি-১ ব্লকের আমজাদ নগর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত শিশুরা সকলেই একই পরিবারের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজনের অলক্ষ্যে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে নেমেছিল ওই তিন শিশু। বেশ কিছুক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুরে গিয়ে দেখা যায়, তিন শিশুর দেহ জলে ভাসছে। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। একই পরিবারের তিন শিশুর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ