
মোহনপুর (ত্রিপুরা), ৯ জুলাই (হি.স.) : রাজ্যে মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ। বুধবার গভীর রাতে সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২টি ড্রাম ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৫৭০ কেজি বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এক সন্দেহভাজন নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সিধাই থানার পুলিশ আগরতলার এনসিবি দলের সহযোগিতায় সুরেন্দ্রনগর এলাকার ওই বাড়িতে হানা দেয়। অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে ১০৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এবং সিআরপিএফ সদস্যরাও উপস্থিত ছিলেন।
পুরো অভিযানের নেতৃত্ব দেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত। দীর্ঘ তল্লাশি চালিয়ে বাড়ির ভেতরে রাখা ১২টি বড় ড্রামের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির পরিচয় ও অন্যান্য তথ্য প্রকাশ করতে রাজি হননি মহকুমা পুলিশ আধিকারিক আশীষ দাসগুপ্ত।
তিনি জানান, এই ঘটনায় একটি বড় মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ এবং সংরক্ষণের পদ্ধতি দেখে এটি কোনও সাধারণ কারবার নয় বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্য, গাঁজার উৎস এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে, যাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের শিকড় পর্যন্ত পৌঁছানো যায়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ত্রিপুরাজুড়ে মাদক বিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য পাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। রাজ্যকে মাদকমুক্ত করার লক্ষ্যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ