
গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : গুয়াহাটির নগর উন্নয়নের পরবর্তী পর্যায়ে রাজ্য সরকারের মূল লক্ষ্য হবে একাধিক সমৃদ্ধ ও পরস্পর-সংযুক্ত স্যাটেলাইট শহরের নেটওয়ার্ক গড়ে তোলা। এর মাধ্যমে রাজ্যের রাজধানী গুয়াহাটির জনঘনত্ব ও যানজট কমানোর পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ বৃহস্পতিবার নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ছবি সহ এই পরিকল্পনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেছেন, প্রস্তাবিত স্যাটেলাইট শহরগুলি গুয়াহাটির দীর্ঘমেয়াদি উন্নয়নে সহায়ক হবে এবং উন্নত পরিকল্পনা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আরও সহজ জীবনযাত্রা নিশ্চিত করবে। তিনি জানান, এই নতুন নগর কেন্দ্রগুলির পরিকল্পনা, নকশা প্রণয়ন এবং অর্থায়নের দায়িত্বে থাকবে ‘গুয়াহাটি স্মার্ট সিটি ডেভেলপমেন্ট অথরিটি’ (জিএসসিডিএ)। ভবিষ্যতের জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্প্রসারণের চাহিদা পূরণে এই শহরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘গুয়াহাটির নগরায়ণের পরবর্তী ধাপ হবে সমৃদ্ধ ও পরস্পর-সংযুক্ত স্যাটেলাইট শহরের একটি নেটওয়ার্ক গড়ে তোলা, যা রাজধানীর ওপর চাপ কমাবে এবং নাগরিকদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।’
এই উদ্যোগ অসম সরকারের বৃহত্তর নগরোন্নয়ন কৌশলের অংশ। এর লক্ষ্য পরিকল্পিত নগরায়ণকে উৎসাহিত করা, পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং গুয়াহাটিকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের নতুন কেন্দ্র গড়ে তোলা। এর ফলে বর্তমান শহরের ওপর চাপ কমবে এবং সমগ্র অঞ্চলের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস