
দুর্গাপুর, ৯ জুলাই (হি. স.):-অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগে পূর্ব বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে লাউডোহা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিক্ষোভকারীদের অভিযোগ, বহুদিন আগে আবেদনপত্র জমা দিলেও বহু যোগ্য মহিলা এখনও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি। তাঁদের দাবি, আবেদনপত্র জমা দেওয়া হলেও সেগুলি যথাযথভাবে পাঠানো হয়নি। পাশাপাশি, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে প্রভাবশালী বা সচ্ছল ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও তোলেন তাঁরা।বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বাসিন্দা দাবি করেন, প্রকল্পের সুবিধা বণ্টনে স্বচ্ছতা নেই এবং আবেদনপত্রের বর্তমান অবস্থাও তাঁদের জানানো হচ্ছে না। সব যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার দাবিতে তাঁরা সরব হন।বিক্ষোভ চলাকালীন উত্তেজনা বাড়লে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত প্রধানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়