
হুগলি, ৯ জুলাই (হি.স.): হুগলি জেলার চাঁপাডাঙ্গায় জুট ফাউন্ডেশনের উদ্যোগে এবং শক্তিগড় টেক্সটাইল অ্যান্ডস্পতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগিতায় বৃহস্পতিবার পাটের চাষ থেকে কার্বন ক্রেডিট উৎপাদনের একটি পাইলট প্রকল্পের সূচনা করা হলো। এই উপলক্ষে এদিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব কৃষিব্যবস্থাকে উৎসাহিত করা এবং পাট চাষের মাধ্যমে কার্বন শোষণের ক্ষমতাকে কাজে লাগিয়ে কৃষকদের আয়ের একটি নতুন উৎস তৈরি করা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপণন এবং পশুপালন ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়া এই বিশেষ অনুষ্ঠানে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, প্রকল্পের সঙ্গে যুক্ত চাষিরা, জুট ফাউন্ডেশনের প্রতিনিধিরা, শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আধিকারিকরা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, পাট একটি প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব তন্তু। পাট চাষের সময় বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষিত হয়, যার ফলে কার্বন ক্রেডিট উৎপন্ন হওয়ার এক বিপুল সম্ভাবনা তৈরি হয়। যদি এই পাইলট প্রকল্পটি সফল হয়, তবে আগামী দিনে রাজ্যের অন্যান্য এলাকাতেও এর সম্প্রসারণ করা হবে, যাতে কৃষকেরা অতিরিক্ত আর্থিক সুবিধা পেতে পারেন।
মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, রাজ্য সরকার পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে উদ্ভাবনীমূলক কৃষি প্রকল্পগুলিকে উৎসাহিত করছে। তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক কৃষি প্রযুক্তি এবং পরিবেশবান্ধব চাষের মেলবন্ধনে কৃষকদের আরও বেশি স্বাবলম্বী করে তোলাই সরকারের প্রধান অগ্রাধিকার।
অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং এই প্রকল্পের সফল রূপায়ণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / সোনালি