
কলকাতা, ৯ জুলাই (হি. স.) : দলবদলের পরই বড় চমক। ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েই এ রাজ্যে রাজ্যসভার উপনির্বাচনের টিকিট পেলেন প্রাক্তন তিন তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা উপনির্বাচনের জন্য এই তিন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের হয়ে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক।
এদিন দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন তৃণমূলের এই তিন প্রাক্তন রাজ্যসভা সাংসদ। তাঁর কিছুক্ষণের মধ্যেই দলের তরফে তাঁদের প্রার্থীপদ ঘোষণা করা হয়। আগামী ২৪ জুলাই পশ্চিমবঙ্গের এই তিনটি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে অন্য দল থেকে প্রথম সারির নেতাদের জন্য যোগদানের দরজা খুলল বিজেপি।
এই দলবদল প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য বলেন, যাঁরা সাধারণ মানুষের টাকা লুঠ করেছেন, তাঁদের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ। তিনি আরও স্পষ্ট করে দেন যে, আজ যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা ব্যতিক্রম এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণেই তাঁদের দলে নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি