
কলকাতা, ৯ জুলাই (হি. স.): সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আচমকা বৈঠক করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
গত সোমবার বিকেলেই ‘পদ্মশ্রী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অভিনেতার বাড়িতে শীর্ষ বিজেপি নেতৃত্বের এই ১৫ মিনিটের সাক্ষাৎ ঘিরেই প্রথম রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। সেই ঘটনার মাত্র তিন দিনের মাথায় বৃহস্পতিবার নবান্নে এসে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলা চলচ্চিত্রে তাঁর কয়েক দশকের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’-তে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। সেই সম্মান গ্রহণ করতে তিনি দিল্লিতেও গিয়েছিলেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি