রাজীব ভবনে বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক কংগ্ৰেসের
- অহংকারী বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস আরও জোরালোভাবে লড়াই চালিয়ে যাবে : গৌরব গগৈ - শহিদ রতন কাছারির নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামকরণ করায় সরকারের সমালোচনা গৌরবের গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : অসম প্রদেশ ক
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ


- অহংকারী বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস আরও জোরালোভাবে লড়াই চালিয়ে যাবে : গৌরব গগৈ

- শহিদ রতন কাছারির নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামকরণ করায় সরকারের সমালোচনা গৌরবের

গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈয়ের পৌরোহিত্য আজ বৃহস্পতিবার গুয়াহাটিতে অবস্থিত রাজীব ভবনে এক বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আয়োজিত এই বৈঠকে রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির ফলাফল বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। জেলা পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ শেষে যে প্রতিবেদন জমা দিয়েছেন, তার ভিত্তিতেই বৈঠকে বিস্তৃত আলোচনা হয়েছে।

আলোচনায় অন্তর্ভুক্ত লোকসভা কেন্দ্রগুলি যথাক্রমে তেজপুর, গুয়াহাটি, ধুবড়ি, কোকরাঝাড়, বরপেটা, নগাঁও এবং দরং-ওদালগুড়ি। আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক বন্ধু তির্কি, অসমের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সম্পাদক মনোজ চৌহান, সাংসদ রকিবুল হুসেন এবং প্রাক্তন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া সহ দলের একাধিক জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে রাজীব ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ঢেকিয়াজুলিতে সংঘটিত একটি দুর্ভাগ্যজনক ঘটনার প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত ছাড়ো আন্দোলনের অংশগ্রহণকারী তথা দেশের মহান স্বাধীনতা সংগ্রামী শহিদ রতন কাছারির নামাঙ্কিত একটি রাস্তার নাম পরিবর্তন করে বিজেপি সরকার ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পথ’ করেছে।

তিনি বলেন, বিজেপি সরকার যদি তাদের আদর্শগত নেতাদের সম্মান জানাতে চায়, তা-হলে নতুন রাস্তা বা নতুন প্রতিষ্ঠান নির্মাণ করে তাঁদের নামে নামকরণ করতে পারে। কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী এবং অসমের সন্তান শহিদ রতন কাছারির নামে বহুদিন ধরে পরিচিত একটি রাস্তার নাম কেন পরিবর্তন করা হচ্ছে, প্রশ্ন তুলেন তিনি। সতর্ক করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের নাম পরিবর্তনের এই প্রবণতা অসমের ভবিষ্যতের জন্য মোটেও শুভ লক্ষণ নয়।

গৌরব গগৈ আরও বলেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস পরাজিত হলেও দলের নেতা-কর্মীদের কেউই মানসিকভাবে ভেঙে পড়েননি। বিরোধী দল হিসেবে কংগ্রেসের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, দল তা সর্বদা যথাযথভাবে পালন করে যাবে বলেও তিনি স্পষ্ট জানান।

নির্বাচনে জয়ের পর বিজেপি সরকার আরও অহংকারী হয়ে উঠেছে বলে সমালোচনা করে গগৈ বলেন, তার প্রতিফলন ইতিমধ্যেই এবারের বিধানসভার বাজেট অধিবেশনে স্পষ্টভাবে দেখা গেছে। সরকারের এ ধরনের আচরণের ফলে অসম এবং অসমীয়া জাতি ভবিষ্যতে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে কি না, তা নিয়ে রাজ্যের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বাকি লোকসভা কেন্দ্রগুলির অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande