
কলকাতা, ৯ জুলাই (হি. স.) : বারুইপুরের ফুটবলপ্রেমী কিশোর প্রসেনজিতের স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। সেই স্বপ্নই অপূর্ণ থেকে গেল। ফুটবল ম্যাচ জিতে বাড়ি ফেরার পথেই নৃশংস খুনের শিকার হয় বারুইপুরের ফুলতলার বাসিন্দা ওই কিশোর। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে। বৃহস্পতিবার প্রসেনজিতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব সুপ্রিয় ঘোষ, কোষাধ্যক্ষ মদন মারিক এবং আইএফএ গভর্নিং বডির সদস্য দেবাশীষ মণ্ডল। পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধিরা। আবেগঘন পরিবেশে চোখের জলে কিশোর ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানান সকলে।
অন্যদিকে, ঘটনার তদন্তে জোর দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, খেলার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে পরিবারকে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তারা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত