
কলকাতা, ৯ জুলাই (হি.স.): বৃহস্পতিবার দুপুরের একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ল কলকাতার একাধিক এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে দুপুরের পর থেকেই কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়| আর তার পরেই শুরু হয় প্রবল বর্ষণ। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই শহরের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই চেনা জল-ছবি দেখা গেল এদিন। তবে কলকাতা পুরসভার নিকাশি দফতরের তরফে বিভিন্ন পাম্পিং স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিন জল জমার জেরে শহরের দুই প্রান্তেই যান চলাচল এবং জনজীবন ব্যাহত হয়েছে। বিশেষ করে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া এবং সুকিয়া স্ট্রিটের মতো এলাকাগুলিতে জল জমে যায়। আবার দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিট এবং এক্সাইড মোড়ের মতো গুরুত্বপূর্ণ সংযোগস্থলেও জল জমে যাওয়ায় বিঘ্নিত হয় যান চলাচল| বৃষ্টির পরিমাণ আরও বাড়লে শহরের নিচু এলাকাগুলিতে জল জমার পরিমাণ আরও বাড়তে পারে। অফিস ফেরত যাত্রীদের কপালে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ