
পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই (হি.স.): চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ| সেই তদন্তে সহযোগিতা করতে বৃহস্পতিবার সবং থানায় হাজির হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেচ দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে সবং থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। মানসের বিরুদ্ধে এক যুবকের দায়ের করা মামলার তদন্তে নোটিশ দেওয়া হয়েছিল তাঁকে।
এদিন সকালে মানস ভুঁইয়া থানায় পৌঁছন। সেখানে টানা প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, তদন্তের স্বার্থে প্রাক্তন মন্ত্রীকে আগে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি প্রথম দু'বার থানায় হাজিরা দেননি বলে পুলিশের দাবি। পরবর্তীতে ওই নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়ার পর বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দেন মানস।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ