
বাগপত, ১০ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের বাগপত জেলার দোঘট থানা এলাকায় বড়ৌত-বুঢ়ানা সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় চার কাঁওয়ার যাত্রী আহত হয়েছেন। রবিবার গভীর রাতে কানহড় দেবী মন্দিরের কাছে প্রায় একই সময়ে দুর্ঘটনা দুটি ঘটে। একটি ঘটনায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। অন্য ঘটনায় একটি বাইক ট্রাক্টরে ধাক্কা মারে।
প্রথম দুর্ঘটনায় হরিয়ানার সোনিপতের বাসিন্দা রোহিত গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় এক সমাজকর্মী তাঁকে সোনিপতের একটি হাসপাতালে নিয়ে যান। দ্বিতীয় বাইকের চালক দুর্ঘটনার পর বাইকটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্য দুর্ঘটনায় ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষে দোলা গ্রামের তুষার, অভিষেক ও জীতা আহত হন। পুলিশ অ্যাম্বুল্যান্সে করে তিনজনকেই জেলা হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিষেকের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দোঘট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেবল সিং জানান, দুই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস