
বারাণসী, ১০ আগস্ট (হি.স.) : শ্রাবণের সোমবার কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো ও দর্শনের পর বিপুল সংখ্যক ভক্ত গঙ্গার ঘাটগুলিতে পৌঁছান। তবে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় এক ঘাট থেকে অন্য ঘাটে পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ ব্যাহত হয়েছে। অনেক ঘাটের সিঁড়ি জলের তলায় চলে যাওয়ায় পর্যটনেও ব্যাপক প্রভাব পড়েছে।
জলস্তর বেড়ে যাওয়ায় অধিকাংশ ভক্তরা ঘাটের পাড় থেকেই গঙ্গাজল সংগ্রহ করে ফিরে যাচ্ছেন। তবে কিছু ভক্তকে হাঁটুসমান জলের মধ্যে ঝুঁকি নিয়ে ঘাটে ঘোরাফেরা করতেও দেখা যাচ্ছে। বিহারের রোহতাস জেলা থেকে আসা ভক্ত আলোক পাণ্ডে ও তাঁর পরিবারের সদস্যরা জানান, কাশী বিশ্বনাথের দর্শনের পর তাঁরা বারাণসীর বিভিন্ন ঘাট ঘুরে দেখার জন্য এসেছিলেন। কিন্তু গঙ্গার জল উপরের সিঁড়ি পর্যন্ত উঠে আসায় তাঁরা শুধুমাত্র গঙ্গাজল সংগ্রহ করে ফিরে যাচ্ছেন। তবে বিভিন্ন ঘাট ঘুরে দেখার ইচ্ছা তাঁদের অপূর্ণই থেকে গেল।
অন্যদিকে, চন্দৌলি জেলা থেকে আসা ময়ঙ্ক ও তাঁর সঙ্গীরা এদিন জানান, গঙ্গার জলস্তর বাড়ায় একাধিক ঘাটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তা সত্ত্বেও তাঁরা ঘাটে ঘুরে আবহাওয়ার আনন্দ উপভোগ করছেন। তাঁরা জানান, ভভুয়া পাণ্ডে ঘাট থেকে ঘুরতে ঘুরতে অহল্যাবাই ঘাট এবং শীতলা ঘাট পর্যন্ত পৌঁছেছেন। এরপর গোদৌলিয়া হয়ে বাড়ি ফেরার পরিকল্পনা রয়েছে।
গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার বারাণসীর বিভিন্ন ঘাটে পুলিশ নজরদারি চালান। তাঁরা ঘাটে থাকা ভক্তদের গভীর জলে না নামতে এবং কোনও ধরনের ঝুঁকি না নিতে সতর্ক করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘাটে জলের মধ্যে ঘোরাফেরা করা মানুষজনকে বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু এরপরও কিছু মানুষ জলের মধ্যে নেমে এক ঘাট থেকে অন্য ঘাটে যাওয়ার চেষ্টা করছেন এবং ঝুঁকি নিচ্ছেন। তাঁদের নিরাপত্তার জন্য পুলিশকর্মীরা সতর্ক করে চলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস