হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী সুমিত রায়, ৪ মামলায় রক্ষাকবচের আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন
কলকাতা, ১০ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী সুমিত রায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া নতুন চারটি মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচের আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে
সুমিত রায়


কলকাতা, ১০ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকারী সুমিত রায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া নতুন চারটি মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচের আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পাওয়ার পর সুমিত রায় গত শনিবার সিআইডি দফতরে হাজিরা দেন। এরপর রবি ও সোমবারও তিনি সিআইডি-র মুখোমুখি হন। তবে অন্য চারটি নতুন মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

এদিন আদালতে সুমিতের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, গত ৭ আগস্ট রক্ষাকবচ সংক্রান্ত আবেদনটির শুনানি হতে পারেনি। সেই কারণেই তিনি বিষয়টি দ্রুত শুনানির আবেদন জানাচ্ছেন। আইনজীবী যুক্তি দেন, তাঁর মক্কেল তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন, তাই এই নতুন মামলাগুলির ক্ষেত্রেও তাঁকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা বা রক্ষাকবচ দেওয়া হোক।

দীর্ঘদিন ধরে সুমিত রায় আত্মগোপন করে ছিলেন বলে অভিযোগ উঠেছিল এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে মেদিনীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল। এরপরই সুমিত আগাম জামিনের দাবিতে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন। সেখানে স্বস্তি না মেলায় তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে অন্তর্বর্তী সুরক্ষা পান।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande