
কলকাতা, ১০ আগস্ট (হি.স.): পশ্চিম মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকায় সোমবার ভোররাতে অভিযান চালিয়ে দুটি গাড়ি থেকে আনুমানিক ২২টি গবাদি পশু উদ্ধার করল পুলিশ। দ্রুত গতিতে পুলিশের গাড়িকে ওভারটেক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্দেহজনক মনে করে গাড়ি দুটির পিছু ধাওয়া করে তাদের আটক করে পুলিশ।
সোমবার ভোররাত আনুমানিক ৩টে ৫০ মিনিট নাগাদ নয়াগ্রাম থানার পুলিশ বালিগেড়িয়া এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় হঠাৎই দুটি পিকআপ ভ্যান বা পণ্যবাহী গাড়ি অতিরিক্ত গতিতে পুলিশের টহলদারি গাড়িকে ওভারটেক করে এগিয়ে যায়। গাড়ির গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকর্মী ও কর্তারা সঙ্গে সঙ্গে গাড়িগুলির পিছু ধাওয়া শুরু করেন।
বেশ কিছুদূর ধাওয়া করার পর বালিগেড়িয়া ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের কাছে ৯ নম্বর রাজ্য সড়কের ওপর পুলিশ গাড়ি দুটিকে ঘিরে ধরে ও আটক করে। এরপর তল্লাশি চালাতেই গাড়ি দুটির ভেতর থেকে হাঁসফাঁস অবস্থায় প্রায় ২২টি গবাদি পশু উদ্ধার করা হয়। পুলিশ সমস্ত পশুগুলিকে বাজেয়াপ্ত করে নিজেদের হেফাজতে নিরাপদে রেখেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গবাদি পশুগুলিকে পাচারের উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পুলিশের গাড়ি থামার পরেই রাতের আঁধারে সুযোগ বুঝে দুই গাড়ির চালকই এলাকা ছেড়ে চম্পট দেয়।
পুলিশ গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া গবাদি পশুগুলির আসল মালিক কে, কোথা থেকে সেগুলি আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল— তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য কোনও গোরু পাচার চক্র যুক্ত রয়েছে কি না, তা নিয়ে নয়াগ্রাম থানার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি