
নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): সংসদে অচলাবস্থা নিয়ে কার্যপরিচালনা বিষয়ক উপদেষ্টা কমিটি (বিএসি)-র বৈঠকে আবেগঘন আবেদন জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সোমবার বিএসি বৈঠকে তিনি লোকসভার অচলাবস্থা নিয়ে ব্যথিত হয়ে বিভিন্ন দলের নেতাদের কাছে এক আবেগঘন আবেদন জানান।
অধ্যক্ষ ওম বিড়লা জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ‘প্রশ্নোত্তর পর্ব’ আয়োজন এবং গুরুত্বপূর্ণ বিলগুলো নিয়ে আলোচনার ওপর জোর দেন। গঠনমূলক আলোচনা, অর্থবহ অংশগ্রহণ এবং সংসদীয় সর্বোচ্চ রীতিনীতি মেনে চলার গুরুত্ব তুলে ধরে অধ্যক্ষ সকল দলের কাছে সহযোগিতা কামনা করেন, যাতে কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং জনগুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা সম্ভব হয়।
উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে সোমবারও লোকসভা ও রাজ্যসভায় হট্টগোল করেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। তুমুল হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়। প্রথমে দুপুর বারোটা পর্যন্ত এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। সোমবার এগারোটা নাগাদ অধিবেশন শুরু হতেই লোকসভায় হট্টগোল করেন বিরোধীরা। লোকসভার মতো রাজ্যসভাতেও ব্যাহত হয় অধিবেশন। তাই সংসদের উভয়কক্ষের অধিবেশন প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, অচলাবস্থা জারি থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ