
হালিশহর, ১০ আগস্ট (হি.স.): হালিশহরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশি হেফাজতে থাকার সময় মৃত্যু হওয়া তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার, বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘মৃত্যুকে নিয়ে কাউকে রাজনীতির সুযোগ দেয়নি মৃতের পরিবার। তৃণমূলকর্মীর পরিবারকে ধন্যবাদ। ওঁরা সরকারের উপর আস্থা রেখেছে, এটা আমাদের বড় পাওনা। থানার ভিতরে পুলিশ হেফাজতে যে মৃত্যু হয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। থানার আইসি-কে ক্লোজ করছি। আরও তদন্ত হবে।’
উল্লেখ্য, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বিরজু কেওটকে গ্রেফতার করেছিল হালিশহর থানার পুলিশ। শুক্রবার তাঁকে আদালতেও হাজির করানো হয়েছিল। বিচারক তাঁর পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কিন্তু শনিবার জানা যায়, পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামীর। জেনির অভিযোগ, লকআপের ভিতরে পুলিশের মারধরে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ