
নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রভাব খতিয়ে দেখছে ভারত। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন।
এই চুক্তি অনুযায়ী, তিন দেশের যে কোনও একটি দেশের উপর সশস্ত্র হামলাকে তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক আরও বিস্তৃত হল বলে মনে করা হচ্ছে।
চুক্তির প্রভাব সম্পর্কে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “পশ্চিম এশিয়ার সংঘাতের প্রতিটি ঘটনাক্রমের উপর আমরা নিবিড় নজর রাখছি। এই চুক্তির ক্ষেত্রে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে এর প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।”
তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের মধ্যে নতুন এই প্রতিরক্ষা চুক্তির ফলে ভারতের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা বিশ্লেষণ করছে নয়াদিল্লি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য