
নয়াদিল্লি, ১১ আগস্ট (হি. স. ) : দেশে চালু হচ্ছে ১০ ও ২০ টাকার প্লাস্টিক বা পলিমার নোট। মঙ্গলবার সংসদে ১০০ কোটি পলিমার ব্যাঙ্কনোট চালুর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ছেঁড়া-ফাটা মলিন কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে বলে আশা করছেন অনেকে।
সরকার জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে ১০০ কোটি করে ১০ এবং ২০ টাকা মূল্যের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই নোট বাজারে ছাড়া হবে। পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে তা বাজারে ছাড়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এ ব্যাপারে বলেন, “সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বর্তমান কাগজের নোটের পাশাপাশি চালু থাকবে পলিমার নোট।” তবে অর্থমন্ত্রী এটাও বলেন, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে পুরো প্রক্রিয়াটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এখনই এই নোট তৈরির খরচের বিষয়টি নির্ধারন করা কঠিন।
প্রসঙ্গত, ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে সম্প্রতি দফায় দফায় আলোচনা করে রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড। এর পরই প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। মঙ্গলবার সংসদে সেই প্রস্তাবে অনুমোদন দেয় সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত