
বক্সার, ১৯ আগস্ট (হি.স.) : বিহার বিধানসভার এস্টিমেটস কমিটির বৈঠক বুধবার বৈশালী পরিষদে অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্সার সদরের বিধায়ক তথা কমিটির সদস্য আনন্দ মিশ্র উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। জনস্বার্থের কাজগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার ওপর বিশেষ জোর দেন বিধায়ক।
আনন্দ মিশ্র বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল সময়মতো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। পাশাপাশি, উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানোর কথাও বলেন।
বৈঠক শেষে পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে বৈশালী পরিষদ চত্বরে কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিম গাছের চারা রোপণ করেন আনন্দ মিশ্র।এরপর কমিটির সদস্যদের সঙ্গে গঙ্গা ও গণ্ডক নদীর পবিত্র সঙ্গমস্থলের কাছে কোনহারা ঘাটে অবস্থিত ১৮ শতকের ঐতিহাসিক নেপালি ছাউনি মন্দির পরিদর্শন করেন তিনি। সেখানে মন্দিরের প্রাচীন স্থাপত্য এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন কমিটির সদস্যরা। মন্দিরটির সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। ঐতিহাসিক এই স্থাপত্য সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আনন্দ মিশ্র বলেন, ঐতিহাসিক স্থাপত্য ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এগুলির সংরক্ষণ অত্যন্ত জরুরি। ঐতিহাসিক স্থানগুলির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস