
কলকাতা, ১৯ আগস্ট (হি স)। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করার অনুমতি চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ ঋতব্রত-পন্থী তৃণমূল ৷ সোমবারই কালীঘাট তৃণমূল ২৮ আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে৷ যদিও এই প্রতিষ্ঠা দিবস পালনের জন্য তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী একই জায়গায় সভা করার অনুমতি চেয়েছে ৷
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ প্রতি বছর কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল৷ এতদিন যেহেতু রাজ্যে তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল, তাই এই সভার আয়োজনে পুলিশি অনুমতি সংক্রান্ত জটিলতা প্রকাশ্যে আসেনি ৷
বুধবার কলকাতার মেয়ো রোডে, গান্ধি মূর্তির সামনে সভা ও প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুমতি চেয়ে এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী ৷
বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলা দায়ের করার পরেই সিদ্ধান্ত নেবে আদালত ৷
২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান নিয়েও তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েন চলেছিল। হাইকোর্টে ছুটতে হয়েছিল কালীঘাট তৃণমূলকে। পরে হাইকোর্টের অনুমতিতে বিড়লা তারামণ্ডল চত্বরে শহিদ দিবস পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। আর মেয়ো রোডে শহিদ দিবস পালন করেছিলেন ঋতব্রতরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত