কাদাভরা রাস্তা, হরিহরপাড়ায় ধানের চারা পুঁতে বিক্ষোভ স্থানীয়দের
মুর্শিদাবাদ, ১৯ আগস্ট (হি.স.): বেহাল রাস্তা, তার ওপর সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা— দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে অভিনব প্রতিবাদে শামিল হলেন গ্রামবাসীরা। খানাখন্দে ভরা কাদামাখা রাস্তায় ধানের চারা পুঁতে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দ
কাদাভরা রাস্তা, হরিহরপাড়ায় ধানের চারা পুঁতে বিক্ষোভ স্থানীয়দের


মুর্শিদাবাদ, ১৯ আগস্ট (হি.স.): বেহাল রাস্তা, তার ওপর সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা— দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে অভিনব প্রতিবাদে শামিল হলেন গ্রামবাসীরা। খানাখন্দে ভরা কাদামাখা রাস্তায় ধানের চারা পুঁতে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বুধবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের চোঁয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ললিতপুর গ্রামে এই প্রতিবাদ বিক্ষোভ হয়।

এ দিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে গ্রামের মূল রাস্তার অধিকাংশ অংশই ঢালাই করা হয়েছিল। কিন্তু প্রায় পাঁচশো মিটার রাস্তা বেহাল। বর্ষার মরশুমে সেই অংশটি মারাত্মক রূপ নিয়েছে। জল-কাদায় একাকার হয়ে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। ফলে পড়ুয়া, নিত্যযাত্রী থেকে শুরু করে রোগীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই কাদামাখা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তার ওপর জমে থাকা কাদাতেই সারিবদ্ধভাবে ধানের চারা পুঁতে দেন তাঁরা। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পাঁচশো মিটার রাস্তা সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনও লাভ হয়নি। বারবার আশ্বাস মিললেও বাস্তবে বেহাল রাস্তার কোনও পরিবর্তন হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande