
কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): কলকাতার দাঙ্গা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের ব্যখ্যায় একটি দৈনিকের ভূমিকার কড়া সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সামাজিক মাধ্যমে লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ১৯৪৬ সালের কলকাতার দাঙ্গা নিয়ে আলোচনা করায় আনন্দবাজারের যথারীতি প্রবল চুলকানি হয়েছে। সুগত বসুকে উদ্ধৃত করে আবাপ বলেছে “…তিনি (সুরাবর্দী) বা তাঁর লোকজন সরাসরি কলকাঠি নেড়েছেন এমন কোন তথ্যপ্রমাণ মেলেনি।
দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সুগত এক শ্রেণীর ঐতিহাসিক নামধারী ব্যক্তির (যাদের মধ্যে জয়া চ্যাটার্জিও আছেন) চিরাচরিত ঢঙে মুসলমানের দোষ আড়াল করাকে বা সে বিষয়ে চুপ করে থাকাকে সমর্থন করেছেন। অশোক মিত্র (আই সি এস)-এর আত্মজীবনী ‘তিন কুড়ি দশ’ (দে'জ) পড়ুন। প্রশাসন যন্ত্রের একেবারে ভিতরে থেকে সমসাময়িক ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে চোখে আঙ্গুল দিয়ে অশোক মিত্র দেখিয়েছেন, কি ভাবে সুরাবর্দী, এস এন উসমান (কলকাতার মেয়র) বা খাজা নাজিমুদ্দিন সরাসরি মুসলমানদের দাঙ্গা করতে প্ররোচনা দিয়েছিলেন। অশোক মিত্রের বক্তব্যের সমর্থন মিলেছে ভবতোষ দত্তের আত্মজীবনী ‘আট দশক' (প্রতিক্ষণ) বা Stanley Wolpert-এর ‘Jinnah of Pakistan’ বইতে।
সুগত আরো বলেছেন, “গোষ্ঠী সংঘর্ষের মত মর্মান্তিক ঘটনায় নিহতের ধর্মপরিচয় খোঁজায় আমি বিশ্বাসী নই” । ওঁর বিশ্বাস ওঁর মাথায় থাকুক, ইতিহাস চায় কে হত্যাকারী আর কে হত সেটা পরিষ্কারভাবে চিহ্নিত হোক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত