
আলিপুরদুয়ার, ১৯ আগস্ট (হি.স.): বীরভূমের তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের কফিনবন্দি দেহ পৌঁছল আলিপুরদুয়ারে। সোমবার ওই অগ্নিকাণ্ডে আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকার বাসিন্দা সুবীর সাহা ও অমিত পালের পাশাপাশি আলিপুরদুয়ার ১ ব্লকের তপসিখাতার কমল রায়ের মৃত্যু হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পরে একটি বড় অ্যাম্বুল্যান্সে করে দেহগুলি আলিপুরদুয়ারে রওনা হয়। বুধবার ভোর পৌনে ৫টা নাগাদ প্রথমে কমলের দেহ তাঁর বাড়িতে পৌঁছয়। সওয়া ৫টা নাগাদ সুবীর ও অমিতের বাড়িতে দেহ পৌঁছয়। দেহ দুটি আসতেই এলাকায় কান্নার রোল পড়ে যায়। প্রায় আধঘণ্টা বাড়িতে রাখার পর স্থানীয় ও পরিবারের লোকেরা তাদের দেহ নিয়ে আলিপুরদুয়ার শ্মশানের উদ্দেশে রওনা হন। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ