
বাহরাইচ, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল দরগাহ শরিফ থানার পুলিশ ও আবগারি দফতরের যৌথ দল। চেকিং অভিযানের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে ১৫.০৭ কেজি অবৈধ মাদক (গাঁজা) উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক(গাঁজা) ১৫টি পলিথিনের প্যাকেটে রাখা ছিল বলে পুলিশ জানিয়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দরগাহ শরিফ থানা এলাকায় পুলিশ ও আবগারি দফতরের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। সেই সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১৫টি পলিথিনের প্যাকেট উদ্ধার হয়। সেগুলির মধ্যে মোট ১৫.০৭ কেজি মাদক (গাঁজা) পাওয়া যায়।
ধৃত ব্যক্তির পরিচয় আশিস কুমার , বিশেশ্বরগঞ্জ বাজার, থানা বিশেশ্বরগঞ্জ, জেলা বাহরাইচের বাসিন্দা হিসেবে জানা গিয়েছে। তার বয়স প্রায় ৪০ বছর। পুলিশি জিজ্ঞাসাবাদে আশিস জানায়, সে ওই গাঁজা বিক্রির জন্য ক্রেতার সন্ধান করছিল।
দরগাহ শরিফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমিতেন্দ্র সিং জানান, উদ্ধার হওয়া মাদকের ভিত্তিতে দরগাহ শরিফ থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস