
কাঠুয়া, ১৯ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল কাঠুয়া পুলিশ। বেরিয়া পত্তন লিঙ্ক রোড এলাকায় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে প্রায় চার গ্রাম হেরোইনের মতো দেখতে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হাটলি পুলিশ ফাঁড়ির একটি দল বেরিয়া পত্তন লিঙ্ক রোড এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক ব্যক্তিকে। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে প্রায় চার গ্রাম হেরোইনের মতো দেখতে মাদকদ্রব্য উদ্ধার হয়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম বরকত আলি। সে কাঠুয়া জেলার বানি তহসিলের সুরজন চলোগ এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
ঘটনায় কাঠুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের প্রকৃতি এবং এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কাঠুয়া পুলিশের এই অভিযান এসএসপি মোহিত শর্মা, আইপিএস-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। মাদকের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস