উদয়পুরে পুলিশের অভিযানে উদ্ধার ১০টি হারানো মোবাইল, নেশা কারবারে আটক ৬
উদয়পুর (ত্রিপুরা), ১৯ আগস্ট (হি.স.) : গোমতী জেলার উদয়পুর মহকুমায় কিছুদিন ধরে একাধিক মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়ার পর হারানো মোবাইল উদ্ধারে তৎপর হয় পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়
পুলিশের সাংবাদিক সম্মেলন


উদয়পুর (ত্রিপুরা), ১৯ আগস্ট (হি.স.) : গোমতী জেলার উদয়পুর মহকুমায় কিছুদিন ধরে একাধিক মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়ার পর হারানো মোবাইল উদ্ধারে তৎপর হয় পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এবং থানার ওসি সঞ্জীব লস্করের নেতৃত্বে শুরু হয় বিশেষ অভিযান।

বুধবার রাধাকিশোরপুর থানায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এবং থানার ওসি সঞ্জীব লস্কর অভিযানের সাফল্যের কথা জানান। পুলিশ আধিকারিকরা জানান, কেন্দ্রীয় সরকারের দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ১০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি বুধবার সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইল মালিকরা। পুলিশের দ্রুত তৎপরতা ও প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানান তাঁরা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হারানো মোবাইল উদ্ধারের পাশাপাশি নেশা কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়েও সাফল্য মিলেছে। অভিযানে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। তবে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ প্রকাশ করেনি।

এদিকে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ১০টি মোবাইল উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় মোবাইল চুরির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেয়নি পুলিশ আধিকারিকরা। ফলে মোবাইল উদ্ধারের পরও এর পিছনে কারা জড়িত এবং কীভাবে মোবাইলগুলি হাতবদল হয়েছিল, তা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande