বন্যার্তদের পাশে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব, ত্রাণ-পুনর্বাসনে একাধিক ঐতিহাসিক ঘোষণা
- প্রদেশ বিজেপির উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ ও সহায়তায় হাজারো কার্যকর্তা গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ফেসবুক লাইভে বন্যাদুর্গত মানুষের জন্য রাজ্য সরকারের গৃহীত তাৎক্ষণিক ত্রাণ, পুনর্বাসন এবং পুনর্গঠনমূলক এ
বন্যার্তদের পাশে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব, ত্রাণ-পুনর্বাসনে একাধিক ঐতিহাসিক ঘোষণা


- প্রদেশ বিজেপির উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ ও সহায়তায় হাজারো কার্যকর্তা

গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ফেসবুক লাইভে বন্যাদুর্গত মানুষের জন্য রাজ্য সরকারের গৃহীত তাৎক্ষণিক ত্রাণ, পুনর্বাসন এবং পুনর্গঠনমূলক একাধিক পদক্ষেপের বিস্তারিত ঘোষণা করেছেন। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে রাজ্য সরকার দুর্গত প্রতিটি পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্ৰী।

মুখ্যমন্ত্রীর ঘোষণাগুলির উদ্ধৃতি দিয়ে প্ৰদেশ বিজেপির মুখপাত্র ব্রজেন মহন্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বন্যাকবলিত পরিবারগুলিকে পূর্বঘোষিত এককালীন ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা আগামী ৩ থেকে ৫ আগস্টের মধ্যে সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। এই সহায়তার অধীনে শিবসাগর জেলার প্রায় ৫৫ হাজার, চড়াইদেও জেলার প্রায় ২০ হাজার, যোরহাট জেলার প্রায় ৭ হাজার এবং গোলাঘাট জেলার প্রায় ৩ হাজার পরিবার উপকৃত হবে।

শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্য নিয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের দুই জোড়া করে স্কুল ইউনিফর্ম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সমগ্র শিক্ষা অভিযানকে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বানপীড়িতদের স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শিবসাগর ও চড়াইদেও জেলার যে সব গৃহস্থ বিদ্যুৎ গ্রাহক মাসে ৩০০ ইউনিট বা তার কম বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের জুলাই মাসের বিদ্যুৎ বিল মকুব করা হবে। এই সুবিধা স্মার্ট মিটার ও প্রিপেইড মিটার ব্যবহারকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ বাবদ ব্যয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিদ্যুৎ দফতরকে প্রদান করা হবে।

এছাড়া চলতি অর্থবর্ষে শিবসাগর ও চড়াইদেও জেলার বানপীড়িতদের জমির খাজনা সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারেননি, তাঁদের পূর্বঘোষিত ১৫ হাজার টাকার পাশাপাশি আগামী ১০ আগস্ট অতিরিক্ত ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পুনর্গঠনের জন্য প্রতিটি ক্ষতিগ্রস্ত বিদ্যালয়কে ২ লক্ষ টাকা, প্রতিটি নামঘরকে (বৈষ্ণব উপাসনা কেন্দ্ৰ) দেড় লক্ষ টাকা এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ২ লক্ষ থেকে ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য অনুদান দেওয়া হবে।

এদিকে, দেশের ৪৬টি বিমা সংস্থার চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিমার দাবি দ্রুত নিষ্পত্তির জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি জেলায় নোডাল অফিসার নিয়োগ, ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন ও হেল্পডেস্ক চালু, অগ্রাধিকার ভিত্তিতে বিমার দাবি নিষ্পত্তি, চূড়ান্ত নিষ্পত্তির আগে অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা এবং ন্যূনতম নথিপত্রের ভিত্তিতে দাবি মঞ্জুরের ব্যবস্থা করা হবে। সম্পত্তি বা ব্যবসায়িক নথি নষ্ট হয়ে গেলেও ব্যাঙ্কের নথি, পূর্ববর্তী রেকর্ড এবং স্বঘোষণার ভিত্তিতে দাবি নিষ্পত্তি করা হবে। বন্যায় মৃত ব্যক্তিদের ক্ষেত্রেও সরকারি নথির ভিত্তিতে বিমার দাবি মঞ্জুর করা হবে। পাশাপাশি, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার দাবিগুলিও সর্বোচ্চ অগ্রাধিকারে নিষ্পত্তি করা হবে।

মুখ্যমন্ত্রী বন্যাদুর্গতদের দ্রুত নিজ নিজ বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছেন, যাতে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ হয়।

তিনি আরও জানান, বন্যায় স্থায়ী ক্ষয়ক্ষতির মূল্যায়নের কাজ আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে। এ জন্য জেলা প্রশাসন খুব শীঘ্রই জরিপকারীদের প্রশিক্ষণ দেবে। বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে শিবসাগর ও চড়াইদেও জেলার প্রার্থীদের সুবিধার্থে আগামী ৯ আগস্ট অনুষ্ঠেয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী অভিযন্তা পদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অসম লোকসেবা আয়োগ (এপিএসসি)। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

প্ৰদেশ বিজেপি মুখ্যমন্ত্রীর এই সময়োপযোগী, জনমুখী ও সংবেদনশীল পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার যেভাবে ত্রাণ, পুনর্বাসন, শিক্ষা, বিদ্যুৎ, রাজস্ব, বিমা ও পুনর্গঠনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে, তা জনকল্যাণমুখী প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই পদক্ষেপগুলির ফলে বন্যাদুর্গত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন দলের মুখপাত্র ব্রজেন মহন্ত।

এদিকে, রাজ্য সরকার বন্যাকবলিত তিন জেলার মহিলাদের জন্য অরুণোদয় প্রকল্পের মাসিক অনুদান ১,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করেছে। এই অর্থ ইতিমধ্যেই ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। বন্যাদুর্গতদের প্রতি সংহতি জানিয়ে রাজ্যের বিভিন্ন এলাকার অরুণোদয় প্রকল্পের উপভোক্তারাও নিজেদের মাসিক অনুদানের একটি অংশ সাহায্য হিসেবে প্রদান করেছেন। তাঁদের এই মানবিক উদ্যোগের জন্য প্ৰদেশ বিজেপি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এদিন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে ডিব্রুগড়, চড়াইদেও ও শিবসাগর জেলায় সফর করেন।

অন্যদিকে, প্ৰদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশে বন্যাকবলিত জেলাগুলিতে দলের রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ এবং হাজার হাজার কাৰ্যকৰ্তা দিনরাত দুর্গত মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছেন, জানানো হয়েছে দলীয় বিবৃতিতে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande