১৫টি অভিযানে সামগ্রী পুনরুদ্ধার, যাত্রীদের সহায়তা প্রদান এনএফ রেলের অদীন আরপিএফ-এর
গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২৮ ও ২৯ জুলাই বিভিন্ন এলাকায় ১৫টি অভিযান সফলভাবে চালিয়ে যাত্রী সুরক্ষা, অপরাধ দমন এবং মানবিক সেবার প্রতি প্রতিশ্রুতি বজায় রেখেছে। এই অভিযানের মধ্যে যাত্রীদ
আরপিএফ-এর সফল অভিযান


গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২৮ ও ২৯ জুলাই বিভিন্ন এলাকায় ১৫টি অভিযান সফলভাবে চালিয়ে যাত্রী সুরক্ষা, অপরাধ দমন এবং মানবিক সেবার প্রতি প্রতিশ্রুতি বজায় রেখেছে। এই অভিযানের মধ্যে যাত্রীদের সহায়তা প্রদান, অপরাধ শনাক্তকরণ, দালাল-বিরোধী অভিযান, নিষিদ্ধ ও চোরাই সামগ্রী উদ্ধার, অসহায় ব্যক্তিদের উদ্ধার এবং রেলওয়ে সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত ছিল।

আজ রবিবার এ তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, অসাধারণ তৎপরতার সঙ্গে আরপিএফ কর্মীরা পূর্ণিয়া রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১৫৭০১-এ ভ্রমণরত এক বয়স্ক মহিলার জীবন বাঁচান এবং তাঁকে সময়মতো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অন্য একটি ঘটনায় আরপিএফ কর্মীরা গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১৫৭৪৩-এ ভ্রমণরত এক অসুস্থ যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

নিষিদ্ধ সামগ্রী অবৈধভাবে পরিবহণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, আরপিএফ রঙিয়া রেলওয়ে স্টেশনে একটি মালিকবিহীন কনসাইনমেন্ট থেকে প্রায় ৪৪ হাজার টাকা মূল্যের ২০০ শিশি ‘এসকাফ’ কফসিরাপ উদ্ধার করেছে। বারসোই, নিউ জলপাইগুড়ি এবং কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশনে চালানো তিনটি পৃথক অভিযানে আরপিএফ প্রায় ২৮ হাজার টাকা মূল্যের ১১৯ বোতল অবৈধ মদও উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীগুলি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট আবগারি ও পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেল-সংক্রান্ত অপরাধ দমনে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে আরপিএফ কর্মীরা ছয় অপরাধীকে আটক করেছেন। তাদের মধ্যে চুরির সাথে জড়িত পাঁচজন এবং একজন রেলের টিকিট দালাল রয়েছে। এই অভিযানের সময় প্রায় ৭২ হাজার টাকা মূল্যের পাঁচটি চোরাই মোবাইল ফোন এবং প্রায় ৫ হাজার টাকা মূল্যের দুটি পুরনো যাত্রার টিকিটের পাশাপাশি একটি ভবিষ্যৎ যাত্রার তৎকাল রেলওয়ে টিকিটও উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি ও উদ্ধারকৃত সম্পত্তি পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মানবিক সেবা ও শিশু সুরক্ষার প্রতি নিরন্তর অঙ্গীকারের নিদর্শ নস্বরূপ, আরপিএফ কর্মীরা টংলা, বরপেটা রোড, গুয়াহাটি, কিষাণগঞ্জ ও নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ১১ জন অসহায় ব্যক্তিকে উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে ১০ জন নাবালক-নাবালিকা (সাতজন ছেলে ও তিনজন মেয়ে) এবং একজন অসহায় প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন। উদ্ধারকৃত নাবালকদের তাদের পিতা-মাতা অথবা সংশ্লিষ্ট শিশুকল্যাণ কমিটি ও শিশুপরিচর্যা কেন্দ্রের কাছে যত্ন ও সুরক্ষার জন্য সুরক্ষিতভাবে হস্তান্তর করা হয়েছে। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকৃত অসহায় প্রাপ্তবয়স্ক মহিলাকে তাঁর বড় ভাইয়ের সঙ্গে পুনর্মিলিত করা হয়েছে।

এছাড়া একটি সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে, কাটিহার (পশ্চিম)-এর আরপিএফ কর্মীরা ইঞ্জিনিয়ারিং বিভাগ (এসএসই/ওয়ার্কস)-এর সহায়তায় কাটিহার রেলওয়ে স্টেশনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালান। এই অভিযানের মাধ্যমে ১০৯ একর আয়তনের ‘কোচি গ্রিন গলফ ক্লাব’-এর সীমানা-প্রাচীর সংলগ্ন রেলওয়ের জমিতে গড়ে ওঠা অননুমোদিত স্থাপনাগুলি অপসারণ করে রেলওয়ের সম্পত্তি রক্ষা করা হয়।

এই দু-দিনের সময়কালে, আরপিএফ কর্মীরা সফলভাবে ১৫টি অভিযান চালিয়েছেন। এর মধ্যে একজন যাত্রীর প্রাণরক্ষা, আরেক জনকে চিকিৎসা সহায়তা প্রদান, ছয় অপরাধীকে আটক, ১১ জন অসহায় ব্যক্তিকে উদ্ধার এবং একটি অবৈধদখল উচ্ছেদ অভিযান অন্তর্ভুক্ত ছিল। এছাড়া অভিযানে ২০০ শিশি কফ সিরাপ, ১১৯ বোতল অবৈধ মদ, পাঁচটি চুরি যাওয়া মোবাইল ফোন ও রেলের টিকিট উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ১.৫০ লক্ষ টাকা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande