
পরিস্থিতি নিয়ন্ত্রণে, তদন্ত অব্যাহত, জানান এএসপি রজতকুমার পাল
শিলচর (অসম), ২ আগস্ট (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহরের মালুগ্রামের ঘনিয়ালা এলাকায় আজ রবিবার সকালে সন্দেহভাজন নিষিদ্ধ মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও আধাসামরিক বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ একটি ই-রিক্সায় করে একটি বাড়ি থেকে সন্দেহভাজন নিষিদ্ধ মাংস পাচারের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে কয়েকজন যুবক ই-রিক্সাটিকে আটক করেন। পরে ই-রিক্সার চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং অভিযোগকারী যুবকদের মধ্যে বচসা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা বজায় রাখেন।
কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজতকুমার পাল জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাংসগুলি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাংসগুলির প্রকৃতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, জানিয়েছেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল জানান, বর্তমানে এলাকায় সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি সাধারণ মানুষের প্রতি গুজব বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কোনও ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা উচিত নয়। সমাজে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টির যে কোনও অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি সতর্ক করে দেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস