
কলকাতা, ২০ আগস্ট (হি.স.): অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ায় ধন্যবাদ জানিয়ে বেহালায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজন করা হল ধন্যবাদ যাত্রা। বৃহস্পতিবার এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
মিছিল শুরুর আগে বেহালার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকেরা। পুজো শেষে মন্দির চত্বর থেকেই শুরু হয় ধন্যবাদ যাত্রা। মিছিলটি সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে শুরু হয়ে বেহালা চৌরাস্তা পর্যন্ত যায়।
মিছিলে বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু মহিলা অংশ নেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। মিছিল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
মহিলা মোর্চার নেত্রী-কর্মীদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তাঁদের বক্তব্য, এই আর্থিক সহায়তা মহিলাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে।
এদিনের কর্মসূচিকে ঘিরে বেহালায় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলের মাধ্যমে সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি মহিলাদের মধ্যে সচেতনতা তৈরির বার্তাও দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়