
ব্যারাকপুর, ২০ আগস্ট (হি.স.): কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে থাকা একাধিক হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় গাফিলতির অভিযোগ সামনে এল। বৃহস্পতিবার বাসুদেবপুর থানার পুলিশ এবং ভাটপাড়া দমকল বিভাগের আধিকারিকরা যৌথভাবে একাধিক হোটেলে অভিযান চালান। হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তার পরিকাঠামো এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়।
অভিযানে উঠে আসে, বেশ কয়েকটি হোটেলের কাছে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা শংসাপত্র বা লাইসেন্স নেই বলে অভিযোগ। শুধু তাই নয়, হোটেলে কর্মরত অনেক কর্মীকেই আগুন লাগলে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ে কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।
দমকল আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন হোটেল কর্মীও স্বীকার করেন, আগুন নেভানোর সরঞ্জাম ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে তাঁদের কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। ফলে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আধিকারিকরা।
ভাটপাড়া দমকল বিভাগের এক আধিকারিক জানান, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলার জন্য সংশ্লিষ্ট হোটেলগুলিকে আগেও একাধিকবার নোটিস দেওয়া হয়েছিল। তারপরেও নিয়ম মানার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠছে।
অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় এই ধরনের অনিয়ম সামনে আসায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে এবার কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়