
ঝাড়গ্রাম, ২০ আগস্ট (হি.স.): তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার ঝাড়গ্রাম শহরের বেসরকারি হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান চালাল দমকল বিভাগ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন হোটেলে গিয়ে দমকল আধিকারিকরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন। হোটেলগুলিতে অগ্নিনির্বাপক যন্ত্র, স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম এবং অন্যান্য অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়।
পাশাপাশি, হোটেলগুলির প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনুমতিপত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখেন আধিকারিকরা। কোথাও কোনও গাফিলতি বা ত্রুটি ধরা পড়লে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
দমকল বিভাগের আধিকারিকদের বক্তব্য, ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। সারা বছরই জেলার বিভিন্ন পর্যটনস্থানে বহু মানুষ বেড়াতে আসেন। ফলে হোটেলগুলিতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় সামান্য গাফিলতিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
তারাপীঠের ঘটনার পুনরাবৃত্তি যাতে ঝাড়গ্রামে কোনওভাবেই না ঘটে, সেই লক্ষ্যেই এই অভিযান বলে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী দিনেও ঝাড়গ্রাম শহরের বিভিন্ন হোটেল এবং পর্যটনকেন্দ্রে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নিয়মিত পরিদর্শন চালানো হবে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়