ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরে ১২৮২ শূন্যপদে নিয়োগ, ২০০ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ সৃষ্টি
আগরতলা, ২০ আগস্ট (হি.স.) :ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরে ১২৮২টি শূন্যপদ পূরণ, সরকারি ডিগ্রি কলেজগুলিতে ২০০টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ সৃষ্টি, চারটি রেলস্টেশনে জিআরপি থানা স্থাপন এবং বিশালগড়ে পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর ট্রাস্ট পরিচালিত ‘শ্রী শ্রী
মন্ত্রী সুশান্ত চৌধুরী


আগরতলা, ২০ আগস্ট (হি.স.) :ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরে ১২৮২টি শূন্যপদ পূরণ, সরকারি ডিগ্রি কলেজগুলিতে ২০০টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ সৃষ্টি, চারটি রেলস্টেশনে জিআরপি থানা স্থাপন এবং বিশালগড়ে পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর ট্রাস্ট পরিচালিত ‘শ্রী শ্রী বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট ধরে বৈঠক চলার পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বিস্তারিতভাবে জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী জানান, রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি দফতরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭টি পদে নিয়োগ করা হবে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা বা জেআরবিটি-র মাধ্যমে এই গ্রুপ-সি পদগুলি পূরণ করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরেও উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দফতরে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদে মোট ২১৯ জনকে জেআরবিটি-র মাধ্যমে নিয়োগ করা হবে। এর পাশাপাশি স্বরাষ্ট্র দফতরে ৯১৬ জন পুরুষ ও মহিলা কনস্টেবল সরাসরি নিয়োগ করা হবে বলে জানান মন্ত্রী। ফলে রাজ্যের পুলিশ ব্যবস্থায় জনবল আরও বৃদ্ধি পাবে।

রেলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রাজ্যের বিশ্রামগঞ্জ, উদয়পুর, বিলোনিয়া ও সাব্রুম রেলস্টেশনে চারটি জিআরপি থানা স্থাপন করা হবে। এই চারটি জিআরপি থানার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৫টি পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, এই ১০৫টি পদের মধ্যে ৩টি সাব-ইন্সপেক্টর, ১১টি মহিলা সাব-ইন্সপেক্টর, ৯টি অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ২১টি মহিলা হেড কনস্টেবল, ৫৬টি কনস্টেবল এবং ৫টি কনস্টেবল ড্রাইভার পদ রয়েছে। নতুন জিআরপি থানাগুলি চালু হলে সংশ্লিষ্ট রেলস্টেশনগুলিতে আইনশৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এদিনের বৈঠকে জনজাতি কল্যাণ দফতরেও শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, স্থির বেতনের ভিত্তিতে জেআরবিটির মাধ্যমে এলডিসি ও এমটিএস মিলিয়ে মোট ১৫টি শূন্যপদ পূরণ করা হবে।

উচ্চশিক্ষা ক্ষেত্রেও মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলির জন্য মোট ২০০টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পদগুলিতে নিয়োগের আগে অর্থ দফতরের অনুমোদন প্রয়োজন হবে। অর্থ দফতরের অনুমোদন পাওয়ার পর ২০০টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

অন্যদিকে, রাজ্যে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর ট্রাস্টের পরিচালনায় বিশালগড়ে ‘শ্রী শ্রী বিশ্ববিদ্যালয়’ নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রী জানান, এই বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে পঠন-পাঠনের সুযোগ থাকবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাক্রমের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও থাকবে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলির মধ্যে বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক শূন্যপদ পূরণের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ থাকার কারণে প্রশাসনিক কাজের উপর যে চাপ তৈরি হয়েছে, নতুন নিয়োগের মাধ্যমে তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে সরকারি ডিগ্রি কলেজগুলিতে ২০০টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ সৃষ্টি উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষক ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

এদিনের সিদ্ধান্ত অনুযায়ী, একদিকে যেমন জেআরবিটি-র মাধ্যমে বিভিন্ন দফতরে নিয়োগের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে স্বরাষ্ট্র দফতরে সরাসরি ৯১৬ জন পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগ এবং চারটি রেলস্টেশনে নতুন জিআরপি থানা স্থাপনের ফলে রাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থাতেও জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে কর্মসংস্থান, উচ্চশিক্ষা, প্রশাসনিক পরিকাঠামো এবং রেল নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande