
নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : আগামী ৭-৮ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি-এনসিআরেও আগামী দু’দিন হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)।
রবিবার আইএমডি জানিয়েছে, সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে দিল্লির কয়েকটি এলাকায় খুব হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩-৩৫ ডিগ্রি এবং ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। মঙ্গলবার দুপুরেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে ২৪ থেকে ২৬ আগস্ট ওড়িশায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে ২৪ থেকে ২৭ আগস্ট ঝাড়খণ্ড ও বিহারের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং পশ্চিম উত্তর প্রদেশে আগামী পাঁচ দিনে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য ভারত, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও বিদর্ভেও আগামী ৭-৮ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশে আগামী তিন দিন বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে।
পূর্ব ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ২৪ থেকে ২৯ আগস্ট বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারে ২৫ ও ২৬ আগস্ট বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতেও আগামী ৭-৮ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণ উপদ্বীপ এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ওড়িশায় ৩০ মিমি , ত্রিপুরায় ২১ সেন্টিমিটার এবং হরিয়ানায় ১২-২০ মিমি বৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, অসম, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকের অভ্যন্তরীণ এলাকায় ৭-১১ মিমি পর্যন্ত ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য