
কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা সংক্রান্ত মামলায় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করার পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ড সচল করে দেওয়া হয়েছে বলেও আদালতে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সোমবার সেই মামলার নিষ্পত্তি হয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে ফ্রিজ করা হয়েছিল। কেওয়াইসি-র তথ্য আপডেট না করায় অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছিল ব্যাঙ্ক। অভিষেক তা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন। এ দিন মামলাটির আনুষ্ঠানিক নিষ্পত্তি করে দেন বিচারপতি। সেই সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও সতর্ক করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, ব্যাঙ্কের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জানানো উচিত। তিনি যেই হোন না কেন। প্রসঙ্গত, এর আগে ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছিল, কেওয়াইসি আপডেট না থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে ফ্রিজ করা হয়েছিল। তখন বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছিলেন, কেওয়াইসি করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাংসদের বাড়িতে গিয়ে কাজ শেষ করতে পারে। সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল। সেই মতো এ দিনই নিষ্পত্তি হলো মামলার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ