
শান্তিপুর, ২৪ আগস্ট (হি.স.): দেশের প্রাচীন জ্ঞান-ঐতিহ্য ও অমূল্য পাণ্ডুলিপি সংরক্ষণে শান্তিপুরে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল কলকাতার দ্য এশিয়াটিক সোসাইটি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ৫৪০ কোটি টাকার বিশেষ প্রকল্পের আওতায় শান্তিপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলির সঙ্গে প্রাচীন পুথি সংরক্ষণ ও ডিজিটাইজেশন নিয়ে সচেতনতা সভা এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি প্রকল্পের ক্লাস্টার সেন্টার হিসেবে এশিয়াটিক সোসাইটির একটি প্রতিনিধি দল শান্তিপুরে আসে। সেখানে শান্তিপুর পুরাণ পরিষদ, শ্যামচাঁদ মন্দির ও সাহিত্য পরিষদ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। পুথির সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উদ্যোগ নিয়ে স্থানীয়দের উদ্বেগ দূর করতে জানানো হয়েছে, পুথির আইনি মালিকানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির হাতেই থাকবে। পুথি অন্যত্র সরিয়ে নেওয়া হবে না। প্রথম পর্যায়ে পুথির সমীক্ষা, ক্যাটালগিং ও মেটাডাটা তৈরি করে ‘জ্ঞান ভারতম’ পোর্টালে আপলোড করা হবে। পরবর্তী পর্যায়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে পুথির ডিজিটাইজেশন এবং প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে ভৌত সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রকল্পের কাজে স্থানীয় যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশ্বভারতী-সহ প্রায় ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরও এই কাজে সহযোগিতা করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়