
হাফলং (অসম), ২৪ আগস্ট (হি স)। দীর্ঘ প্রতীক্ষার অবসান। শিলচর–সৌরাষ্ট্র ইস্ট–ওয়েস্ট করিডরের হাফলং- শিলচর জাতীয় সড়কে দলইচুঙ্গা এলাকায় নবনির্মিত এলিভেটেড করিডরের দুই লেন খুলে দেওয়া হল যানবাহন চলাচলের জন্য। সোমবার থেকে ওই এলিভেটেড করিডর দিয়ে যান চলাচল শুরু হওয়ায় গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে দীর্ঘদিনের যানজট ও যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমেছে। হাফলং থেকে শিলচরের দিকে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে দলইচুঙ্গা এলাকা দীর্ঘদিন ধরেই ছিল যানজটের অন্যতম কারণ। পাহাড়ি ভূপ্রকৃতি, নির্মাণকাজ এবং রাস্তার বিভিন্ন অংশে যান চলাচলে নিয়ন্ত্রণের জেরে বিশেষ করে ব্যস্ত সময়ে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছিল। ফলে যাত্রিবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং ছোট গাড়ির যাত্রীরা সমস্যায় পড়ছিলেন।
এই পরিস্থিতিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে দলইচুঙ্গা এলাকায় এলিভেটেড করিডর নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর সোমবার থেকে করিডরের দুই লেন যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে মূল সড়কের উপর চাপ কিছুটা কমেছে এবং যান চলাচলেও স্বাভাবিক গতি ফিরেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে আগে জানানো হয়েছিল, দলইচুঙ্গা এলাকায় এলিভেটেড করিডরের কাজ ২০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার সময়সীমা ছিল। কিন্তু ২৪ আগস্ট এলিভেটেড করিডরের দুই লেন সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলইচুঙ্গার এলিভেটেড করিডরের বাকি থাকা দুই লেন সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে। নির্ধারিত সময়ের আগেই দলইচুঙ্গার এলিভেটেড করিডরের দুই লেন খুলে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী মানুষজন স্বস্তি পেয়েছেন। স্থানীয়দের বক্তব্য, পাহাড়ি এই পথে বর্ষাকালে রাস্তার বিভিন্ন জায়গায় ধস, মেরামতির কাজ এবং যানবাহনের চাপের কারণে যাতায়াত প্রায়ই ব্যাহত হয়। দলইচুঙ্গার এলিভেটেড করিডর চালু হওয়ায় ওই অংশে যান চলাচলের ক্ষেত্রে একটি বড় সমস্যা আপাতত মিটল বলেই মনে করা হচ্ছে। তবে এলিভেটেড করিডর চালু হলেও জাতীয় সড়কের সামগ্রিক উন্নয়ন ও নির্মাণকাজ এখনও বিভিন্ন জায়গায় চলছে। ফলে বাকি অংশের কাজ দ্রুত শেষ করে পুরো সড়ক যান চলাচলের উপযোগী করে তোলার দাবি উঠেছে। বিশেষ করে বর্ষার মরসুমে যাতে নতুন করে যানজট বা যাতায়াতে বিঘ্ন না ঘটে, সে দিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নজর রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দলইচুঙ্গার এলিভেটেড করিডরের দুই লেন খুলে যাওয়াকে তাই হাফলং–শিলচর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব